Thursday, March 12, 2026

What is Literature Review? লিটারেচার রিভিউ কী | Meaning, Importance in Research



লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনাকে গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয়। কিন্তু প্রশ্ন হলো কেন?

ধরুন, রবিন তার এলাকায় জলবায়ু পরিবর্তন নিয়ে একটি গবেষণা করতে চায়। অনেক সময়, শ্রম এবং অর্থ ব্যয় করে গবেষণার শেষ পর্যায়ে গিয়ে যদি সে আবিষ্কার করে যে ঠিক একই ধরনের গবেষণা তার এলাকায় আগে থেকেই করা হয়েছে, তাহলে ব্যাপারটা কেমন হবে?

স্বাভাবিকভাবেই এটি হবে সময়, শ্রম এবং অর্থের অপচয়।

এই ধরনের পরিস্থিতি এড়ানোর অন্যতম প্রধান উপায় হলো লিটারেচার রিভিউ করা। তবে সাহিত্য পর্যালোচনার গুরুত্ব কেবল এখানেই সীমাবদ্ধ নয়। একটি ভালো গবেষণার ভিত্তি তৈরি করতে লিটারেচার রিভিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে, আগে বুঝে নেওয়া যাক লিটারেচার রিভিউ আসলে কী

লিটারেচার রিভিউ কী?

খুব সহজভাবে বললে, লিটারেচার রিভিউ হলো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পূর্বে প্রকাশিত গবেষণা বা গবেষণাধর্মী কাজগুলোর পর্যালোচনা।

আরও একটু বিস্তারিতভাবে বললে, গবেষণায় সাহিত্য পর্যালোচনা বলতে বোঝায় নির্বাচিত গবেষণা সমস্যা বা বিষয়ের সাথে সম্পর্কিত পূর্বপ্রকাশিত বিভিন্ন বই, জার্নাল, ম্যাগাজিন, গবেষণা প্রতিবেদন, এমনকি কখনও ভিডিও বা অন্যান্য তথ্যসূত্র বিশ্লেষণ ও মূল্যায়ন করা।

অন্যভাবে বলা যায়, একজন গবেষক যখন তার নির্বাচিত গবেষণা বিষয়ের সাথে সম্পর্কিত পূর্ববর্তী জ্ঞান, তত্ত্ব, এবং গবেষণাগুলো খুঁজে বের করে, পড়ে এবং সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করেন সেই পুরো প্রক্রিয়াকেই বলা হয় লিটারেচার রিভিউ।

প্রফেসর মো. তবারক উল ইসলাম এই বিষয়টিকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, সাহিত্য পর্যালোচনা বলতে গবেষণা সমস্যা সংশ্লিষ্ট বিভিন্ন বই, জার্নাল, রিপোর্ট ও রেফারেন্স সামগ্রী সংগ্রহ, নির্বাচন, পাঠ এবং মূল্যায়নের প্রক্রিয়াকে বোঝায়।

অর্থাৎ, গবেষকের নির্বাচিত গবেষণা বিষয়ের আওতার মধ্যে থাকা সকল প্রাসঙ্গিক সাহিত্য খুঁজে বের করে সেগুলো বিশ্লেষণ ও মূল্যায়ন করাই হলো সাহিত্য পর্যালোচনা।

একটি ভালো সাহিত্য পর্যালোচনা গবেষকের নির্বাচিত বিষয়ের উপর বিদ্যমান জ্ঞানের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। এর মাধ্যমে গবেষক বুঝতে পারেন- 

  • তার গবেষণা প্রশ্নটি সঠিকভাবে নির্ধারিত হয়েছে কিনা

  • কোন তাত্ত্বিক কাঠামো (theoretical framework) ব্যবহার করা উচিত

  • কোন গবেষণা পদ্ধতি (methodology) সবচেয়ে উপযুক্ত হতে পারে

লিটারেচার রিভিউ থেকে কী জানা যায়?

Bourner (1996)-এর মতে, সংশ্লিষ্ট সাহিত্য পর্যালোচনার মাধ্যমে নিচের বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়-

  • গবেষণা সমস্যা এবং সংশ্লিষ্ট ধারণাগুলোর প্রেক্ষাপট

  • গবেষণা সমস্যার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে ব্যবহৃত তত্ত্বসমূহ

  • গবেষণা সমস্যার গুরুত্ব বা ব্যাপকতা

  • পূর্ববর্তী গবেষণাগুলোর পর্যবেক্ষণ ও ফলাফল

লিটারেচার রিভিউ কেন গুরুত্বপূর্ণ?

এখন প্রশ্ন হলো লিটারেচার রিভিউ কেন এত গুরুত্বপূর্ণ?

আবার রবিনের উদাহরণে ফিরে যাই। যদি রবিন জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করতে চায়, তাহলে তার প্রথম কাজ হওয়া উচিত রিসার্চ গ্যাপ খুঁজে বের করা।

আর সঠিকভাবে রিসার্চ গ্যাপ খুঁজে বের করার জন্য লিটারেচার রিভিউয়ের কোনো বিকল্প নেই।

তবে এর গুরুত্ব এখানেই শেষ নয়। সাহিত্য পর্যালোচনা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে গবেষককে সাহায্য করে- 

  • গবেষণা প্রশ্ন (Research Question) পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে

  • গবেষণা সমস্যার প্রেক্ষাপট সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়

  • একই ধরনের গবেষণার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়

  • পূর্ববর্তী গবেষণায় ব্যবহৃত পদ্ধতি (Methodology) সম্পর্কে ধারণা দেয়

  • নতুন গবেষণার জন্য উপযুক্ত গবেষণা পদ্ধতি নির্ধারণে সহায়তা করে

  • পূর্ববর্তী গবেষণার সীমাবদ্ধতা বা গ্যাপ চিহ্নিত করতে সাহায্য করে

একটি গুরুত্বপূর্ণ কথা

গবেষণায় সমালোচনামূলক চিন্তার গুরুত্ব বোঝাতে বিজ্ঞানী Alhazen একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন- 

“The duty of the man who investigates the writings of scientists, if learning the truth is his goal, is to make himself an enemy of all that he reads… He should also suspect himself as he performs his critical examination of it.”

এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে গবেষণায় শুধু তথ্য সংগ্রহ করলেই হয় না, বরং সেই তথ্যকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করাও জরুরি। আর এই সমালোচনামূলক বিশ্লেষণের শুরুই হয় লিটারেচার রিভিউ থেকে।

Share: